পিরোজপুরে ১৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে অতিরিক্ত নজরদারি

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৬ পিএম
পিরোজপুরে ১৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে অতিরিক্ত নজরদারি

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ সাংবাদিকদের এসব বিষয়ে নিশ্চিত করেছেন। 

জেলা প্রশাসন জানিয়েছেন, জেলার ৪১৮টি ভোটকেন্দ্রে ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনী দায়িত্ব পালনে থাকছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা ব্যবস্থায় থাকছে ৭০০ জন সেনাবাহিনী সদস্য, ১৭৬ জন বিজিবি, ৬৫ জন র‍্যাব, ১ হাজার ২২৮ জন পুলিশ, ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য, ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ১০ জন নৌ পুলিশ, ৮০ জন কোস্টগার্ড এবং ৬০ জন নৌবাহিনীর সদস্য।

জেলার ৪১৮টি কেন্দ্রের মধ্যে ১৪০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি। ভোটের দিন সব কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, সিসিটিভির পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে ১৩৪টি অনলাইন বডি ক্যামেরা এবং ১৩২টি অফলাইন বডি ক্যামেরা। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, “আমরা আশা করছি পিরোজপুরবাসী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপভোগ করবেন। ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন এবং আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব-ইনশাআল্লাহ।”

এছাড়াও নির্বাচনের শেষ মুহুর্তে নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর কার্যক্রমের কাজ চলছে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পিএস

Link copied!