সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১১:১২ এএম
সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

বাংলাদেশের দক্ষিণ সীমান্তে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আকাশে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি। সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন আকাশে বিদেশি ড্রোন দেখা যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে লাল-সবুজ রঙের দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা ধরে চক্কর দিতে দেখা যায়। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি প্রশাসনকে জানান।

স্থানীয় সূত্রগুলো ধারণা করছে, ড্রোনগুলো মিয়ানমার সীমান্ত এলাকা থেকে পরিচালিত হতে পারে। সীমান্তের বর্তমান অস্থির পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই এগুলো ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, নির্দিষ্ট সময়জুড়ে আকাশে ড্রোনগুলোর উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি-এর নজরদারির অংশ হতে পারে।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, ড্রোন দেখতে পেয়ে অনেক মানুষ জড়ো হন এবং পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। তার মতে, ড্রোনগুলো সীমান্তের ওপার থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এমন ড্রোন কার্যক্রম বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তারা দ্রুত তদন্ত এবং সীমান্ত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

এম

Link copied!