ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ভ্যানচালক আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হন মজিবর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখে। পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মারার চেষ্টা করে। মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় জনতার রোষানলে পড়ে এএসআই বেলালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্তের হোসেন খাঁন জানান, “অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিএস
আপনার মতামত লিখুন :