ছবি : প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদরহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
আইরিন আক্তার উপজেলা সদরের গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও রিকশা চালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিলো। সে পাঁচ বোনের মধ্যে সবার ছোট।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গত শুক্রবার দিনগত রাত আটটার দিকে আইরিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজের পর তার স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে এবং আইরিনের বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশ থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে রেললাইনের পাশে একটি কলাবাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহে পচন ধরেছে। ময়না তদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএস
আপনার মতামত লিখুন :