স্বামীর অনৈতিক কর্মকাণ্ড, বিচার ও নিরাপত্তা দাবি স্ত্রীর

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৪৮ পিএম
স্বামীর অনৈতিক কর্মকাণ্ড, বিচার ও নিরাপত্তা দাবি স্ত্রীর

ছবি : প্রতিনিধি

নওগাঁ: ​নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে তার স্ত্রী প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক লিখিত বক্তব্যের মাধ্যমে ভুক্তভোগী মোসা. শারমিন আক্তার তার স্বামী শহীদ প্রামাণিকের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলো তুলে ধরেন।

​শারমিন আক্তার জানান, প্রায় ১৭ বছর আগে তাদের বিবাহিত জীবন শুরু হয়। তাদের সংসারে বর্তমানে তিন সন্তান (দুই ছেলে ও এক মেয়ে) রয়েছে। বিবাহের শুরুতে তার স্বামী আর্থিকভাবে দুর্বল থাকলেও শারমিন ও তার পরিবার বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেন। পরবর্তীতে তিনি নওগাঁয় 'ন্যাশনাল মডেল স্কুল' নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং বর্তমানে সেটির প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

​লিখিত অভিযোগে শারমিন আক্তার উল্লেখ করেন, ​প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে প্রতারণা, শিক্ষা প্রতিষ্ঠানটির মালিকানা শারমিনের নামে করার প্রতিশ্রুতি দিয়ে তার এবং তার পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার গ্রহণ করেন শহীদ প্রামাণিক। কিন্তু পরবর্তীতে তিনি তা নিজের নামে করে নেন।

​অনৈতিক সম্পর্ক, বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে শহীদ প্রামাণিক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তার স্ত্রী। প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।

​শারমিন আক্তার জানান, তার স্বামী গোপনে অন্য এক অভিভাবককে বিয়ে করেছেন, যা তিনি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মুখ বুজে সহ্য করে আসছিলেন।

​শারমিন আক্তারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই গত ২৫ মার্চ আত্রাইয়ের একটি কাজী অফিসের মাধ্যমে তাকে তালাকনামা পাঠানো হয়। ১৭ বছরের সংসার ও সন্তানদের ভবিষ্যৎ উপেক্ষা করে নেয়া এই সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

বর্তমানে তাকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ প্রমাণের চেষ্টা করা হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

​সংবাদ সম্মেলনে শারমিন আক্তার বলেন, ‘আমি আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ আজ গভীর সংকটে।’ তিনি নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।

তিনি আরও জানিয়েছেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তিনি খুব শীঘ্রই এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

পিএস

Link copied!