রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:১৫ পিএম
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটিতে চুরকিন ভ্লাদিমির (৪০) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নতুনহাট গ্রিন সিটি আবাসিকে ব্যায়াম করার সময় তিনি মারা যান।

চুরকিন ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান এটমটেক এনারগোতে কর্মরত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ আবাসে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভ্লাদিমির। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনেও তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

এসএইচ 

Link copied!