বিষখালী নদীতে বরশিতে ধরা পড়ল বিরল ডলফিন

  • পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১২:৩৬ পিএম
বিষখালী নদীতে বরশিতে ধরা পড়ল বিরল ডলফিন

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূষর বর্ণের ডলফিন (শুশুক) বরশিতে ধরা পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বরশিতে প্রায় ১৫ কেজি ওজনের ডলফিনটি আটকে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কয়েকজন জেলে বিষখালী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে নদীর মাঝামাঝি এলাকায় বড় আকৃতির একটি ডলফিন বরশিতে আটকে যায়। পরে দীর্ঘ চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তোলা হয়। তীরে আনার পর সেটি ডলফিন বা স্থানীয় ভাষায় ‘শুশুক’ বলে শনাক্ত করেন স্থানীয়রা।

ডলফিন ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ সেটি দেখতে ভিড় জমায়। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

ডলফিনটি ধরার বিষয়ে জেলে জলিল মৃধা বলেন, বরশিতে আটকে যাওয়ার পর ডলফিনটি অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে দুর্বল হয়ে পড়লে আমরা সেটিকে তীরে নিয়ে আসি। ধারণা করছি, খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত এটি বরশিতে আটকে যায়।

স্থানীয়দের দাবি, বিষখালী নদীতে মাঝে মধ্যে শুশুক দেখা গেলেও এভাবে বরশিতে ধরা পড়ার ঘটনা খুবই বিরল।

এসআই

Link copied!