নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে: মন্ত্রী

  • কুমিল্লা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৮:৫৪ পিএম
নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে: মন্ত্রী

ছবি : সংগৃহীত

কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সড়ক ও সেতু মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, শুধু জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানালেই হবে না, পরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। 

মন্ত্রী আরো বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইন্টারসেকশনগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, নিরাপদ ইউটার্ন সুবিধা বৃদ্ধি এবং সড়ক সম্প্রসারণের মাধ্যমে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র হয়তো হারিয়ে যাওয়া স্বজন ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত হলে সেই পরিবারকে কীভাবে পুনর্বাসন করা যায়, সরকার তা নিয়ে কাজ করছে। শিক্ষা, চাকরি ও অন্যান্য সেবায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মাঝে মোট ১১৯ টি চেকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করেন সড়কমন্ত্রী। চেক বিতরণ অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!