ছবি: প্রতিনিধি
পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়ি, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী বাজারে মানববন্ধন করেন। এ সময় তাঁরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে উত্তেজিত জনতা আড়িয়াডাঙ্গী বাজারে অভিযুক্ত কাশেম শেখের মুদিদোকান এবং আরও একটি চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরে অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া তাঁর কয়েকজন স্বজন ও প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়। বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ায় ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত কাশেম শেখ আতাইকুলার আড়িয়াডাঙ্গী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়িও একই এলাকায়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুর একটায় আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় স্থানীয় খড় ব্যবসায়ী কাশেম শেখ তাঁর হাত ধরে টানাটানি করেন। এ ঘটনায় পরদিন ১২ জুন ছাত্রীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা করেন।
স্থানীয় বাসিন্দা মো. অলিউল্লাহ বলেন, ‘অভিযুক্ত কাশেম শেখ ৭ নম্বর ওয়ার্ডের বখাটে ও মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাজুল ইসলাম বলেন, ‘আমাদের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। সবাই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে।’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, সকালে আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে কিছু লোক অভিযুক্ত কাশেমের বাড়ি ও দোকানে হামলা করে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :