রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:৪৫ পিএম
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভূঁইয়াকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী লাকি আক্তার।

বুধবার (১৭ জুন) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লাকি আক্তারের ভাসুর মিলন ভূঁইয়া, জা শাকিলা কামাল সেতু, মেয়ে সিলভিয়া ভূঁইয়া ও প্রতিবেশী বাদশা মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গৃহবধূ লাকি আক্তার বলেন, রূপসী গ্রামের শ্যামল ভূঁইয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। জমিসংক্রান্ত ও পূর্বশত্রুতার জের ধরে গত ৬ জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভূঁইয়া ও তাঁর বড় ভাই মিলন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আসবাবপত্রসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির নারীদের টানা-হেঁচড়া ও শ্লীলতাহানি করে।

লাকি আক্তার আরও বলেন, এই ঘটনার পর জীবনের নিরাপত্তাহীনতায় স্বামীর সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার পথে গত ৭ জুন ভোরে ৫-৬ সদস্যের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভূঁইয়া ও তাঁকে বেদম প্রহার করে এবং লাকি আক্তারের শ্লীলতাহানি করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী শ্যামল ভূঁইয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাকি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শ্যামল ভূঁইয়ার কোনো খোঁজ মেলেনি। গৃহবধূ লাকি আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ব্যবসায়ী শ্যামল ভূঁইয়া অপহরণের ঘটনায় তাঁর স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অপহরণের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ 

Link copied!