বাকবিতণ্ডার জেরে রেস্তোরাঁয় হামলা, পুলিশ সদস্য আহত

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:৫৮ পিএম
বাকবিতণ্ডার জেরে রেস্তোরাঁয় হামলা, পুলিশ সদস্য আহত

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে একটি রেস্তোরাঁয় কর্মচারীর সঙ্গে গ্রাহকের বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফয়েজ ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পান। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় রেস্তোরাঁর এক কর্মচারীর সঙ্গে তাদের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই তরুণরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রেস্তোরাঁটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে জানতে পেরেছেন, রেস্তোরাঁয় খাবার খেতে আসা এক ব্যক্তির সঙ্গে কর্মচারীর বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরেই কয়েকজন এসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি জানান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে রাত সাড়ে ১০টার মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও জানান, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষও হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএস

Link copied!