ছবি : প্রতিনিধি
বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশালে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ জুন) দুপুরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় হঠাৎ করে একটি মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির সমর্থনে বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছবি দেখা যায়। অনেকেই মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা সরে পড়েন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্তের কাজ চলছে।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত কয়েকদিন ধরে পরিচালিত বিশেষ অভিযানে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে গুরুত্বপূর্ণ নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক অভিযানে মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী মেরিনা, ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আসিফ, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন রাড়ী সহ একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া নগরীর নাজিরের পোল এলাকা থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে থাকা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
বরিশাল জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জনান, জেলার প্রতিটি উপজেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে মাঠ পর্যায়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএস
আপনার মতামত লিখুন :