প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঈশ্বরদীর দিপু

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৫:২১ পিএম
প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঈশ্বরদীর দিপু

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: ঈশ্বরদীর সন্তান মো. নূরে আলম দিপু ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে জানা যায় প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়েই তিনি এ সাফল্য অর্জন করেছেন।

দিপু ২০২৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

দিপুর শিক্ষাজীবন শুরু হয় ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয় এবং ঈশ্বরদী সরকারি কলেজে পড়াশোনা করেন।

দিপুর পিতা জানান, দিপু এসএসসিতে বোর্ডে ১৩তম এবং এইচএসসিতে ২য় স্ট্যান্ড এবং বুয়েট থেকে ৩.৯৩ সিজিপিএ পেয়েছে।

জানা গেছে, মো. নূরে আলম দিপু ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মো.  সিরাজুল ইসলাম ঈশ্বরদীর পার্শ্ববর্তী লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ( এএইও) এবং মা নাছিমা আক্তার ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে নূরে আলম দিপু বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় যে শৃঙ্খলা ও অধ্যবসায়ের শিক্ষা পেয়েছি, তা বিসিএসের দীর্ঘ প্রস্তুতির পথে আমাকে অনেক সহায়তা করেছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারি।’

দিপুর পিতা মো.  সিরাজুল ইসলাম জানান, আমার ছেলের সাফল্যে আমরা বাবা-মা অত্যান্ত গর্বিত এবং আনন্দিত। সেই সাথে আমার পুরাতন কর্মস্থল ঈশ্বরদী কৃষি অফিসের সকল সহকর্মী এবং আমার বর্তমান কর্মস্থল লালপুর নাটোরের কৃষি অফিসার এবং ডিপ্লোমা কৃষিবিদ পরিবারসহ সকলে আনন্দিত। বিশেষ করে আমার স্ত্রীর স্কুলের প্রধান শিক্ষকসহ ঈশ্বরদীর পুরো শিক্ষা পরিবার গর্বিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

পিএস

Link copied!