৪৪ বছর খেদমত শেষে খতিবকে রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত মুসল্লিরা

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:০৮ পিএম
৪৪ বছর খেদমত শেষে খতিবকে রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত মুসল্লিরা

নোয়াখালীর সেনবাগে টানা ৪৪ বছর খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালনের পর আলহাজ্ব মাওলানা তোফায়েল আহম্মেদকে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী। প্রিয় খতিবকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। অনেকের চোখেই ছিল অশ্রু।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ ও বিদায়ী খুতবা শেষে উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর গোরকাটা পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন (মাস্টার) বিদায়ী খতিবের হাতে সম্মাননা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী ভালোবাসার নিদর্শন হিসেবে আতর, টুপি, ছাতা, ফুলের মালা, টাকার মালাসহ বিভিন্ন উপহার প্রদান করেন। পরে তাকে ফুল ও টাকার মালায় সজ্জিত করে একটি প্রাইভেট কারে করে নিজ বাড়ি মানিকপুরে পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, ১৯৮২ সালে শিক্ষকতার পাশাপাশি আলহাজ্ব মাওলানা তোফায়েল আহম্মেদ উত্তর গোরকাটা পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব এবং গোরকাটা কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ ৪৪ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন করেন। তিনি মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

তিনবার পবিত্র হজ পালনকারী এই বরেণ্য আলেমের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক ও নৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে এলাকাবাসী এই স্মরণীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

এম

Link copied!