শিক্ষিকার নামের বানান ভুল করায় শিক্ষার্থীকে ৩০০ বার লেখার শাস্তি

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ১১:২৫ পিএম
শিক্ষিকার নামের বানান ভুল করায় শিক্ষার্থীকে ৩০০ বার লেখার শাস্তি

অ্যাসাইনমেন্টে নামের বানানে ভুল থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে নিজের নাম ৩০০ বার লিখে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনা।

ভুক্তভোগী শিক্ষার্থী শিক্ষকের নাম ৩০০ বার লিখে সেটির ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পর বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাইদুল ইসলাম সাইদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের (দ্বিতীয় সেমিস্টার) শিক্ষার্থী।

ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইদুল লেখেন, ‘গত রাতটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর—'Morioum'-এর পরিবর্তে 'Morium'—লেখার কারণে আমাকে পুরো নাম ৩০০ বার সংশোধন করতে হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর শিক্ষক কর্তৃক এমন শাস্তির যৌক্তিকতা নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের মানসিক হয়রানির অভিযোগও তুলছেন।

বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘কত কত অযাচিত অ্যাসাইনমেন্ট করছি তার হিসেব নেই। ক্রিয়েটিভিটি বলতে দেখে দেখে অ্যাসাইনমেন্টের এই ধরনের র‍্যাগিংই হয় এখানে।

শিক্ষক কর্তৃক নানান র‍্যাগিংয়ের সম্মুখীন হওয়া খুবই মামুলি বিষয় এই বিভাগে।’
এ বিষয়ে জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সার্বিক বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান বলেন, ‘ওই শিক্ষার্থী আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো বিষয় নিয়ে তদন্ত করার বিধান নেই। তবে ঘটনাটি যদি সত্যি হয় এবং ওই শিক্ষার্থী অভিযোগ দেন, তবে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, বিষয়টিকে দৃষ্টিকটু মনে হচ্ছে।’

এম

Link copied!