ঈশ্বরদীতে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ১১:৫৭ এএম
ঈশ্বরদীতে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

পাবনা: পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের ধারালো অস্ত্রের হামলায় দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সুমন চুরির উদ্দেশ্যে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে প্রবেশ করেন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ শুনে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এএ/এসআই

Link copied!