ছবি : প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ: স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামী জহিরুল ইসলামের (৩২) গোপনাঙ্গ কর্তন করেছে স্ত্রী সাবিকুন্নাহার মিম (২৮)। বুধবার (১২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত সাকিবুন্নাহার মিমকে আটক করেছে পুলিশ। আহত জহিরুল ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার মো. জামশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী একই এলাকার মৃত মোস্তফা কামালের মেয়ে।
জানা গেছে, ভুক্তভোগী যুবক ও তার স্ত্রী সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় জনৈক শাহ আলম মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বুধবার রাতে জহিরুল ইসলাম বাসায় ফিরে নিজের স্ত্রীর ইচ্ছে না থাকা সত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালান। পরবর্তীতে সম্পর্কে জড়াতে ইচ্ছে ও অনিচ্ছা নিয়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টির একপর্যায়ে স্ত্রী রাগান্বিত হয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এসময় যুবকের চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জহিরুলের স্ত্রীকে আটক করেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস