কাঁঠালিয়ায় পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, গণধোলাইয়ের পর আটক ১

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০১:৫১ পিএম
কাঁঠালিয়ায় পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, গণধোলাইয়ের পর আটক ১

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্ববিরোধের জেরে মো. সিফাত মুন্সি (২০) নামের এক যুবকের বিরুদ্ধে ইয়াছিন ঘরামী (১৮) নামের অপর এক তরুণকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সিফাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শনিবার বিকেলে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জমাদ্দার হাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ইয়াছিন ঘরামী ওই গ্রামের খোকন ঘরামীর ছেলে এবং অভিযুক্ত মো. সিফাত মুন্সি একই এলাকার মো. অরুন মুন্সির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে জমাদ্দার হাট বাজারে দুজনের দেখা হলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত ধারালো ছুরি দিয়ে ইয়াছিনকে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সিফাতকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, অভিযুক্ত সিফাত মুন্সিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএইচ 

Link copied!