বিরামপুর সীমান্তে ৩০ ভারতীয়কে পুশইনের চেষ্টা

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:২৮ পিএম
বিরামপুর সীমান্তে ৩০ ভারতীয়কে পুশইনের চেষ্টা

ছবি : প্রতিনিধি

হিলি: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নিয়েছেন।

রোববার রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে গেলে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় পুরুষদের পাশাপাশি নারীদেরও লাঠিসোটা হাতে গ্রামের বিভিন্ন স্থানে পাহারারত অবস্থায় দেখা গেছে। বিজিবিও সীমান্তজুড়ে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়িয়েছে।

এ বিষয়ে দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সহযোগিতা করেছেন। বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও নিজ উদ্যোগে সীমান্ত এলাকায় নজরদারি করছেন। পুশইন ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

পিএস

Link copied!