মাদকসহ কথিত সাংবাদিকের স্ত্রী আটক, সাংবাদিক পলাতক

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৩২ পিএম
মাদকসহ কথিত সাংবাদিকের স্ত্রী আটক, সাংবাদিক পলাতক

ছবি : প্রতিনিধি

হিলি: জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক কথিত সাংবাদিকের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত ওই সাংবাদিক পালিয়ে গেছেন বলে প্রেসবিফ্রিংয়ে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে টাস্কফোর্স পাঁচবিবির পশ্চিম উচনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহীন আলমের (৩৮) বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কথিত সাংবাদিক ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহীন আলম পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পলাতক শাহীন আলম দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দেশীয় অস্ত্রের মহড়া ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় চাঁদাবাজি এবং গ্যাং তৈরি করে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এছাড়া তার বিরুদ্ধে ভারতে রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য পাচারেরও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শাহীন আলম একটি বেসরকারি টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সম্প্রতি ইউপি সদস্য লাইজু মিয়া, স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও পলাশ মিয়াসহ কয়েকজন গ্রামবাসী শাহীনের মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতেই এ যৌথ অভিযান চালানো হয়।

এ ঘটনায় পলাতক শাহীন আলম ও আটক উম্মে হাবিবাকে আসামি করে মামলা দায়ের এবং জব্দ আলামতসহ আটক আসামিকে পাঁচবিবি থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

পিএস

Link copied!