ছবি: প্রতিনিধি
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে অসুস্থ হয়ে মো. জাকির হোসেন দুলাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত জাকির হোসেন দুলাল মিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বশির উল্লাহ মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার সৌদি আরবে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়ি সেনবাগে পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় অধিবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এসএইচ