দীর্ঘ ৩৫ বছর পর পিরোজপুরে জামায়াতে নতুন আমির 

  • পিরোজপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৪:১৩ পিএম
দীর্ঘ ৩৫ বছর পর পিরোজপুরে জামায়াতে নতুন আমির 

ছবি: প্রতিনিধি

পিরোজপুরে দীর্ঘ ৩৫ বছর পর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে তিনি ২০২৭-২০২৮ সেশনের জন্য পিরোজপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়। রাজধানী ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাবেক জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালনের পর অসুস্থতাজনিত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে এতদিন ভারপ্রাপ্ত জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আব্দুর রব। এর আগে তিনি জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সেই ভোটের ফলাফলেই মাওলানা আব্দুর রব নতুন জেলা আমির হিসেবে নির্বাচিত হন।

এসএইচ 

Link copied!