যৌতুকের দাবিতে নির্যাতনে প্রাণ গেল লিমার

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৮:২০ পিএম
যৌতুকের দাবিতে নির্যাতনে প্রাণ গেল লিমার

ছবি : প্রতিনিধি

হিলি: চার বছরের সংসার, কত স্বপ্ন আর কত আশা নিয়ে স্বামীর ঘরে গিয়েছিলেন লিমা রানী। কিন্তু সেই সংসারেই শেষ পর্যন্ত তাঁকে হারাতে হলো জীবন। অভিযোগ, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হন তিনি। ব্লেড দিয়ে দুই হাতের কবজির রগ কেটে দেওয়ার পাশাপাশি লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় তাঁকে। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই তরুণী গৃহবধূকে। তাঁর এমন করুণ মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছেন স্বজন ও এলাকাবাসী।

লিমা রানীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের তিনমাথা মোড়ে সর্বস্তরের সচেতন জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের জন্য একজন তরুণীকে এভাবে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লিমা রানীর মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মামলা ও মানববন্ধন সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাচেয়া খামার গ্রামে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হন লিমা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন লিমা।

এ ঘটনায় দায়ের করা মামলায় স্বামী শিমুল চন্দ্র সরকার, শাশুড়ি আরতী বালাসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে লিমা রানীর সঙ্গে শিমুল চন্দ্র সরকারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবারের পক্ষ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, একটি ডিসকভার মোটরসাইকেল ও আসবাবপত্রসহ প্রায় ১৩ লাখ ৬১ হাজার টাকার যৌতুক দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কিন্তু এত কিছু দেওয়ার পরও থামেনি যৌতুকের দাবি। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই শাশুড়ির প্ররোচনায় স্বামী বিভিন্ন সময়ে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রায় দুই বছর আগে নির্যাতনের শিকার হয়ে তাঁকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে দুই পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার পর আবারও স্বামীর সংসারে ফিরে যান লিমা।

কিন্তু সেই ফিরে যাওয়া যে তাঁর জীবনের শেষ অধ্যায় হয়ে উঠবে, তা হয়তো কল্পনাও করেননি তিনি।

এজাহারে বলা হয়েছে, গত ৩ নভেম্বর রাতে লিমার কাছে বাবার বাড়ি থেকে আরও ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করেন অভিযুক্তরা। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী, শাশুড়িসহ অন্যরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁকে চেপে ধরে স্বামী ও শাশুড়ি ব্লেড দিয়ে দুই হাতের কবজির রগ কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে। অন্য অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

অভিযোগ আরও রয়েছে, ঘটনার পর অভিযুক্তরা স্থানীয় এক পল্লিচিকিৎসককে বাড়িতে ডেকে এনে লিমার দুই হাতে সেলাই ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরদিন ৪ নভেম্বর স্বজনদের মাধ্যমে খবর পেয়ে লিমার পরিবারের সদস্যরা তাঁর শ্বশুরবাড়িতে গেলে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পার্বতীপুর থানা পুলিশের মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান।

এরপর গুরুতর আহত লিমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় তাঁর জীবনের আলো।

লিমার এমন করুণ মৃত্যুর ঘটনায় এখন স্বজনদের চোখে শুধু কান্না আর এলাকাবাসীর কণ্ঠে বিচারের দাবি। মানববন্ধন থেকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

পিএস

Link copied!