আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৫২ এএম
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার অংশগ্রহণে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে আয়োজকদের অনুষ্ঠানটি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান বক্তা হিসেবে সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে প্রশাসনের অনুমতি না পাওয়ার পরও বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা যায়। এ সময় সেখানে মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান ফারুকী বলেন, মাহফিল আয়োজনের সার্বিক দায়িত্ব সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতে ইসলামী নিয়েছে। তিনি শুধু স্পন্সর হিসেবে রয়েছেন। শুক্রবারের মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন এবং তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ দিকে একই মাঠে শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং করা হয়। সমাবেশে সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক অভিযোগ করেন, একটি মহল ধর্মীয় মাহফিল বাধাগ্রস্ত ও বন্ধ করার চেষ্টা করছে।

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, দুজন সংসদ সদস্য একসঙ্গে উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন প্রটোকল দেবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাতে জামায়াতের এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে মাহফিলে আমির হামজা কর্তৃক কোনও বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেয়ার শর্তে সবাই একমত হয়েছেন। এখন মাহফিল যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে প্রশাসনের কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 এম

Link copied!