ছবি: প্রতিনিধি
নাটোরের মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ-সোনালি সমারোহ। কোথাও ধান পাকতে শুরু করেছে, কোথাও চলছে পাকা ধান কাটার প্রস্তুতি। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের তুলনামূলক কম প্রভাবে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফলন ভালো হলেও বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোর জেলায় ৭৮ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। মাঠপর্যায়ে ফসলের অবস্থা ভালো থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন পাওয়ার প্রত্যাশা করছে কৃষি বিভাগ।
জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, আমন ধানের শীষে দানা ভরতে শুরু করেছে। অনেক জমিতে ধান সোনালি রং ধারণ করেছে। কোথাও কৃষকেরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন, আবার কোথাও শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ধানের ভালো অবস্থা দেখে তাঁদের মুখে হাসি ফুটলেও উৎপাদিত ফসলের দাম নিয়ে দুশ্চিন্তা কাটছে না।
নলডাঙ্গা উপজেলার কৃষক আজাদ সরকার বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় ধানের অবস্থা বেশ ভালো। জমিতে ধানের শীষ ও দানা দেখে ভালো ফলনের আশা করছেন তিনি। তবে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি হয়েছে। ধানের ভালো দাম না পেলে লাভ করা কঠিন হবে।
সিংড়া উপজেলার কৃষক মো. সাইফুল ইসলাম বলেন, ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টাকা খরচ করতে হয়। জমি তৈরি, বীজ, সার, কীটনাশক, সেচ ও ধান কাটার শ্রমিকের মজুরি—সবকিছুর দাম বেড়েছে। ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পেলে কৃষকদের লোকসানে পড়তে হবে। তাই সরকারিভাবে ধান সংগ্রহের সময় প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।
ধান কাটার কাজে নিয়োজিত নলডাঙ্গা উপজেলার শ্রমিক আব্দুর সালাম মন্ডল বলেন, আমন মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের কাজে শ্রমিকদের ব্যস্ততা বাড়ে। এ সময় কাজের সুযোগ তৈরি হয়। তবে শ্রমিকসংকট ও মজুরি নিয়ে কৃষকদের সঙ্গে অনেক সময় দর-কষাকষি হয়। সময়মতো ধান কাটতে না পারলে কৃষকের ক্ষতির আশঙ্কা থাকে।
কৃষকদের মতে, ধান উৎপাদনে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের অসামঞ্জস্য। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতিটি পর্যায়ে ব্যয় বাড়ছে। ফলে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে তাঁরা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হবেন। তাঁদের দাবি, সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের সময় প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করে সরাসরি তাঁদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, চলতি মৌসুমে উপজেলার কৃষকেরা আমন ধানের আবাদ করেছেন। মাঠপর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারেন। ধান কাটার সময় আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, চলতি মৌসুমে জেলায় ৭৮ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সঠিক সময়ে সার সরবরাহ ও অনুকূল আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ধানের ফলন ও গুণগত মান ধরে রাখতে কৃষকদের সময়মতো ফসল সংগ্রহ এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করতে হবে।
সব মিলিয়ে চলতি আমন মৌসুমে নাটোরের কৃষকদের সামনে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠের সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। তবে বাম্পার ফলনের পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করাও তাঁদের অন্যতম প্রত্যাশা। সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত চাষিদের অগ্রাধিকার ও বাজারে ন্যায্য দাম নিশ্চিত করা গেলে কৃষকেরা উপকৃত হবেন বলে মনে করছেন তারা।
এসএইচ