জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে মামলা করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনার জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় এই আইনি পদক্ষেপ নেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।
এম
আপনার মতামত লিখুন :