সাভারে জেএমবির আস্তানায় অভিযান: ১৫ বোমাসহ গ্রেফতার ১

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৭:০৭ এএম
সাভারে জেএমবির আস্তানায় অভিযান: ১৫ বোমাসহ গ্রেফতার ১

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১১ আগস্ট)  রাতে শ্যামপুর এলাকার একটি বাড়িতে পরিচালিত এই অভিযানে ১৫টি শক্তিশালী পাইপ বোমা, গানপাউডার ও প্রাণঘাতী সায়ানাইডসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফ, যিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হানিফের ছেলে। সিটিটিসি সূত্রে জানা গেছে, রাজধানী মতিঝিল ও আশুলিয়ায় সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া বোমার সূত্র ধরে তদন্তে নেমে আরিফ ও সংগঠনটির অন্যতম মূলহোতা 'বোমারু মামুন'-এর সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তে জানা যায়, ছদ্মবেশ ধারণে পারদর্শী আরিফ চলতি মাসের ২ আগস্ট শ্যামপুরে আব্দুল জলিল নামের এক ব্যক্তির নিচতলার কক্ষ ভাড়া নেন। পেশায় চালক এবং তার স্ত্রী একটি স্থানীয় স্কুলে শিক্ষকতা করেন—এমন ভুয়া পরিচয় দিয়ে তারা পরিবারসহ থাকার কথা বলেন। পরদিন ৩ আগস্ট থেকে সেখানে বসবাস শুরু করেন তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্যমতে, বাসাটিতে নিয়মিত যাতায়াত ছিল জেএমবির শীর্ষ সন্ত্রাসী ও বোমা কারিগর 'বোমারু মামুন'-এর। তিনি মূলত ছদ্মবেশে ভাড়া নেওয়া এই আস্তানায় বসে বোমা তৈরির কাজ তদারকি করতেন।

অভিযানের শুরুতে আরিফের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ৬টি শক্তিশালী পাইপ বোমা ও রাসায়নিক জব্দ করা হয়। পরবর্তীতে কক্ষে তল্লাশি চালিয়ে আরও ৯টি পাইপ বোমা, গানপাউডার ও সায়ানাইড উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত মোট ১৫টি পাইপ বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এছাড়া সেখান থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী লিফলেট ও সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা এবং ৩১ জুলাই আশুলিয়ার এক মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে পাওয়া বোমার পেছনে এই চক্রটিই জড়িত ছিল। এছাড়া কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কুমিল্লায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিস্ফোরণগুলোর সঙ্গে এই আস্তানার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পুরো এলাকা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। আস্তানার মূলহোতা 'বোমারু মামুন'কে গ্রেফতারে চিরুনি অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এম

Link copied!