ডিএসইকে সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম খুঁজতে নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:০৭ পিএম
ডিএসইকে সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম খুঁজতে নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সাতটি ব্রোকারেজ হাউজ পরিদর্শন করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এরই ধরাবাহিকতায় ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পরিদর্শন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে কমিশন।

সম্প্রতি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ব্রোকারেজ হাউজগুলো হলো- আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১১৪), শেলটেক ব্রোকারেজ লিমিটেড (ট্রেক নং-১২০), স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৫৬), মার্চেন্ট সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৬৯), জেকেসি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৭৯), কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (ট্রেক নং-১৮০) এবং গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি লিমিটেড (ট্রেক নং-১৮৯)।

জানা গেছে, চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ এ বিষয়ে বিএসইসিতে চিঠি পাঠায় ডিএসই। একাধিক চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

ডিএসইর চিঠিতে ব্রোকারেজ হাউজগুলোর স্টক-ব্রোকার ও স্টক-ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়। একইসঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর দেওয়া মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ম লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাই পরিদর্শন কার্যক্রমে উল্লিখিত অনিয়মের পাশাপাশি অন্য কোনো বিষয় পরিলক্ষিত হলে সেগুলোও পরিদর্শনের আওতায় আনার নির্দেশ দিয়েছে কমিশন।

এদিকে বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে ফরম-(ছ) দাখিল করেছে। সেখানে ব্রোকারেজ হাউজগুলো মার্জিন রুল, ১৯৯৯ এবং ২০২২ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনা অনুসরণ করছে না বলে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায়, ডিএসইকে ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হলো। একইসঙ্গে উল্লিখিত অনিয়মের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় পরিলক্ষিত হলে সেগুলোও পরিদর্শন প্রতিবেদনে তুলে ধরতে নির্দেশ দেওয়া হয়।

এএইচ/পিএস

Link copied!