বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০২:১২ পিএম
বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা

ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে সব ধরণের সবজির দাম। এতে করে ক্রেতাদের মধ্যে অস্বস্তি আগের থেকেও বেড়েছে। শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির চড়া দামের চিত্র দেখা গেছে।

সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। হাতে গোনা দুয়েকটি বাদে প্রায় সব সবজির জন্য গুণতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এতে বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ।

গত সপ্তাহে যে কাঁচামরিচ পাওয়া যেত ১২০ টাকায়, আজ ছুটির দিনে এর জন্য গুণতে হচ্ছে ১৬০ টাকা। পেপে, বেগুন, শসার দামও শতকের ঘরে।

মাছের বাজারও চড়া। তেলাপিয়া আর চাষের পাঙ্গাস মিলছে দুইশ থেকে আড়াইশ টাকা কেজিতে। চাষের রুই-কাতলার দাম হাকা হচ্ছে চারশ থেকে সাড়ে চারশ টাকা। মিঠা পানির মাছের জন্য গুণতে হবে ৬’শ থেকে হাজার টাকা কেজি। মানভেদে চিংড়ি মিলছে  ৮’শ থেকে ১ ‘শ টাকা কেজিতে। 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজার ইলিশের দেখা মিলছে। তবে, খুব কম ক্রেতারই এই মাছ কেনার সামর্থ্য আছে। এক কেজি আকারের নদীর ইলিশের দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা। ৭’শ থেকে ৮’শ গ্রামের ইলিশ নিতে চাইলে, দিতে হবে দুই হাজার টাকার বেশি।

বিক্রেতারা বলছেন, আগামী দু’সপ্তাহের মধ্যে নদীতে ইলিশের আহরণ বাড়তে পারে। তখন দামও নাগালের মধ্যে আসবে।

এদিকে ডিমের বাজারে চলছে চরম নৈরাজ্য। মাসের ব্যবধানে ডজনপ্রতি বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

আর ব্রয়লার আগের মতোই ১৮০ টাকা, সোনালি ৩২০-৩৪০ টাকা এবং দেশি মুরগী বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকাতেই।

পিএস

Link copied!