বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৩৭ পিএম
বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি নিয়োগ

ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক দুইটি চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

চিঠি অনুযায়ী, উভয় কর্মকর্তাকে সংশ্লিষ্ট ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুসরণ করতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব আফরোজা আলিফ রিভা। চিঠি দুটি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

সরকারের এই সম্মতির ফলে দুই ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে চিঠি দুটিতে সরকারের সম্মতি দেওয়ার কথা বলা হয়েছে; নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার বিষয়টি এতে উল্লেখ নেই।

এএইচ/পিএস

Link copied!