ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর ভিত্তিহীন, জানাল ব্যাংক কর্তৃপক্ষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:২৩ পিএম
ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর ভিত্তিহীন, জানাল ব্যাংক কর্তৃপক্ষ

ফাইল ছবি

ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে স্পষ্ট করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে পড়া এই খবরের বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই।

ডিএসই জানিয়েছে, গত ১৭ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যমে ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এবং এর মাধ্যমে রাষ্ট্রের ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার সম্ভাবনার বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এই সংবাদের প্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে ইসলামী ব্যাংকের কাছে বিষয়টির সত্যতা ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

ডিএসইর প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের ইকুইটি বা শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের কোনো আগ্রহ কিংবা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। সংবাদমাধ্যমে আসা এই আলোচনার কোনো আনুষ্ঠানিক ভিত্তি তাদের কাছে পৌঁছায়নি।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব তাদের কাছে আসে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি যথাযথভাবে জানানো হবে।

এসএইচ 

Link copied!