নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, মতামত জানাতে পারবেন আপনিও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৫৪ এএম
নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, মতামত জানাতে পারবেন আপনিও

দেশে বৈষম্যহীন ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে। খসড়াটির বিষয়ে আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মতামত দেওয়া যাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এই খসড়া প্রকাশ করে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি উন্মুক্ত রাখা হয়েছে, যাতে সংশ্লিষ্ট সবাই তা পর্যালোচনা করতে পারেন। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে মতামত পাঠাতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত আইনটির মূল লক্ষ্য হলো নিরক্ষরতা দূর করা, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো এবং সবার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিদ্যমান শিক্ষা-সংক্রান্ত আইনগুলোর বিধানকে আরও সংহত ও কার্যকর করা প্রয়োজন। সে কারণেই প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিপূরক ও সম্পূরক বিধান সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, মানসম্পন্ন শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যেই এই নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

এম

Link copied!