ছবি: প্রতিনিধি
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ-এ পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দায়িত্ব পালনকালে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালান। এ সময় রড দিয়ে মাথা, হাত ও পায়ে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়।
আহত দুই সাংবাদিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ঘটনা নিয়ে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান ফাহিম বলেন, ঘটনা শোনার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং আহত সাংবাদিকদের খোঁজখবর নিচ্ছি। তিনি জানান, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সাংবাদিকদের ওপর হামলায় জড়িতরা সবাই ছাত্রদলের নেতাকর্মী।
ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এসএইচ
আপনার মতামত লিখুন :