রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী, এইচএসসির ফল কবে?

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৫:৩৩ পিএম
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী, এইচএসসির ফল কবে?

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে আজ সোমবার বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফল প্রকাশের বিষয়টি এখনো অবহিত করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এখনো তাঁকে ফল প্রকাশের বিষয়টি জানানো সম্ভব হয়নি। আজ রাতে অথবা আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে বিষয়টি অবহিত করা হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর মৌখিক অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। অনুমোদন না মিললে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা ছিল।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, বৃহস্পতিবারই ফল প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এসএইচ 
 

Link copied!