যে কারণে পাঁচ বছরের দাম্পত্য ইতি টানলেন অভিনেত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:০২ পিএম
যে কারণে পাঁচ বছরের দাম্পত্য ইতি টানলেন অভিনেত্রী

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী ও মডেল ইভলিন শর্মা এবং তাঁর স্বামী তুশান ভিন্ডির দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। ডেন্টাল সার্জন তুশানের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি এই অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। পর্দা থেকে দীর্ঘ বিরতিতে থাকলেও ব্যক্তিগত জীবনের এই দুঃসংবাদে নতুন করে আলোচনায় এলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’খ্যাত এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভলিন জানান, তাঁরা দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও নিজেদের দুই সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে তাঁরা একে অপরের পাশে থাকবেন। ইভলিন বলেন, আমাদের সম্পর্ক শেষ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সন্তানদের একসঙ্গে বড় করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সবাই সম্মান দেখাবেন। আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের মাধ্যমেই আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করছি।

২০১৯ সালে ইন্দো-অস্ট্রেলিয়ান তুশান ভিন্ডির সঙ্গে বাগদান সেরেছিলেন ইভলিন। এর দুই বছর পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাসখানেক পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ইভলিন লিখেছিলেন ‘চিরকাল’। সেই বছরই তাঁদের কোলজুড়ে আসে প্রথম সন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে তাঁদের পুত্রসন্তান আরডেনের জন্ম হয়।

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইভলিন শর্মার। এরপর ‘নটাঙ্কি শালা’, ‘ইয়ারিয়ান’, ‘ম্যায় তেরা হিরো’র মতো বেশ কিছু আলোচিত ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বড় পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘সাহো’ ছবিতে। বর্তমানে রূপালি পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইভলিন বেশ সক্রিয়। নিয়মিতই নিজের যাপিত জীবনের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে হাসিখুশি জীবনের আড়ালে বিচ্ছেদের এই খবর ভক্তদের মাঝে কিছুটা বিষাদ তৈরি করেছে।

এসএইচ 

Link copied!