হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৭:০৭ পিএম
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২২। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গ দেখা গেছে ৯৬৮ জনের শরীরে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯০৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন ছাড়পত্র পেয়েছেন।

এসআই

Link copied!