সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩ হলেই আবেদন করা যাবে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে।
এর মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ সংরক্ষিত আসনও রয়েছে।
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে একই প্রশ্নপত্রে ১০০ নম্বরের অভিন্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর আট গুণ এবং এইচএসসির জিপিএর ১২ গুণ যোগ করে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা করা হবে। ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণদের মোট নম্বর থেকে তিন এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঁচ নম্বর কাটা হবে।
আবেদন ফি এক হাজার টাকা। টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর।
আগ্রহীরা
(https://dgme.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।এম