‘যুদ্ধে ইরানই বিজয়ী’, আরো পরিস্কার বার্তা দিলেন সর্বোচ্চ নেতা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:০১ এএম
‘যুদ্ধে ইরানই বিজয়ী’, আরো পরিস্কার বার্তা দিলেন সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি চলমান সংঘাতকে “আরোপিত যুদ্ধ” আখ্যা দিয়ে দাবি করেছেন, এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে ইরানের জনগণ। বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।

বার্তাটি প্রকাশ করা হয় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লার খামেনির শাহাদাতের ৪০ দিন পূর্তি উপলক্ষে। এতে তিনি বলেন, ইরানি জনগণের ঐক্য, আত্মত্যাগ ও সক্রিয় অংশগ্রহণই দেশকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

নতুন সর্বোচ্চ নেতার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে এবং পশ্চিমা শক্তির প্রভাব কমার লক্ষণও স্পষ্ট। তিনি এই সাফল্যকে “শহীদদের ত্যাগ ও জনগণের দৃঢ় অবস্থানের ফল” বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যদিও সামরিক সংঘাতের তীব্রতা কিছুটা কমেছে, তবুও জনগণের ঐক্য ও উপস্থিতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, দেশের অভ্যন্তরীণ সংহতি চলমান কূটনৈতিক প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে এ অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার হতে পারে। একই সঙ্গে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও তিনি পুনরায় তুলে ধরেন।

আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে তিনি “সঠিক অবস্থান” নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, ইরানের ওপর হামলাকারীদের জবাবদিহির মুখে পড়তে হবে। তবে তিনি স্পষ্ট করেন, ইরান যুদ্ধ চায় না—কিন্তু নিজেদের অধিকার রক্ষায় কোনো ছাড়ও দেবে না।

বার্তার শেষ অংশে জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে সংহতি তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি শত্রুপক্ষের প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন।

এম

Link copied!