সারা বিশ্বের নজর পাকিস্তানে, যুক্তরাষ্ট্র থেকে এলো ৩০০ সদস্যের প্রতিনিধি দল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:১২ এএম
সারা বিশ্বের নজর পাকিস্তানে, যুক্তরাষ্ট্র থেকে এলো ৩০০ সদস্যের প্রতিনিধি দল

দীর্ঘদিনের উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি এখন নিবদ্ধ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, যেখানে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই বৈঠক।

সূত্র অনুযায়ী, আলোচনার আগে ইরানি প্রতিনিধি দল শাহবাজ শরীফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে। এরপরই বৈঠকের চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে। সব শর্তে সম্মতি মিললে বিকেলেই রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাকের কলিবাফ। তার সঙ্গে রয়েছেন দেশটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা, যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অর্থনৈতিক খাতের দায়িত্বে আব্দুল নাসের হেমমাতি, সামরিক প্রতিনিধি হিসেবে আহমাদিয়ান এবং আইনি বিষয়ক প্রতিনিধি ইসমাইল বাকায়ি অংশ নিচ্ছেন।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জেডি ভ্যান্স। প্রায় ৩০০ সদস্যের এই প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছে অবস্থান করছে।

আলোচনার গুরুত্ব বিবেচনায় আয়োজক দেশ পাকিস্তান রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের ফলাফল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘদিনের বৈরিতা নিরসনের পথ খুলে দিতে পারে।

এম

Link copied!