ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নৌ অবরোধ অগ্রাহ্য করে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত চীনা তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মঙ্গলবার শিপিং ডেটায় দেখা যায়, “রিচ স্ট্যারি” নামের ট্যাংকারটি সফলভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ পাড়ি দেয়, যা চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের নজির হিসেবে দেখা হচ্ছে।
জাহাজটি পূর্বে “ফুল স্টার” নামে পরিচিত ছিল এবং ২০২৩ সালে ইরানের ওপর জ্বালানি নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র এটিকে কালো তালিকাভুক্ত করে। এটি চীনের মালিকানাধীন এবং চীনা নাবিকদের দ্বারা পরিচালিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই নৌ অবরোধ সোমবার থেকে কার্যকর হয়, যার মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি বন্ধ করা। তবে এই অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ নিষেধাজ্ঞাভুক্ত জাহাজই তা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, যেখানে দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় অংশ সম্পন্ন হয়। বর্তমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেক জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে।
এই ঘটনার ফলে বৈশ্বিক শিপিং খাত ও জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো, যারা মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: দ্যা ইকোনোমিকস টাইমস
পিএস
আপনার মতামত লিখুন :