হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:২৫ পিএম
হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

ঢাকা: নৌ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের হাতে আসা এক কূটনৈতিক বার্তায় জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের দুই মাস পরও গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।

সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এখনো অচলাবস্থায়। এ অবস্থায় ইরানের তেল রপ্তানিতে চাপ বাড়াতে নৌ অবরোধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নতুন করে সামরিক হামলার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১২৫ ডলার ছাড়িয়ে যায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বছরের শুরু থেকে এই দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও জ্বালানির খুচরা দামে চাপ তৈরি করেছে।

ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে হুমকি থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না—যদিও তেহরান তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যস্থতায় এগিয়ে এসেছে পাকিস্তান। উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে পর্দার আড়ালে যোগাযোগ চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না হলে এই সংকট বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

পিএস

Link copied!