ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে দর্শক সারিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানকে দেখা গেছে। এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।
অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। সরকারদলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা এতে অংশ নেন। সকাল থেকেই সংসদ ভবনে বিভিন্ন দলের এমপিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই বিধান অনুযায়ী ফল ঘোষণার এক মাসের মাথায় আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
এম
আপনার মতামত লিখুন :