৫০ নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:১৪ এএম
৫০ নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনী তফসিল আজ সোমবার (৬ এপ্রিল) ঘোষণা হতে পারে। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর ১১তম কমিশন সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি ভোটগ্রহণের নজির নেই। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে প্রার্থী মনোনয়ন দেয় এবং সাধারণত একক প্রার্থী থাকলে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায়, সময়সীমা রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। তবে নির্বাচন কমিশন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী।

ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে। আসন বণ্টন অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জোট ১টি নারী আসন পেতে যাচ্ছে।

ইসি সচিবালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অনুযায়ী দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে তথ্য কমিশনকে জানিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আজকের কমিশন সভাতেই তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনো কারণে আজ ঘোষণা না হলে, খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

আজকের কমিশন সভায় নারী আসনের নির্বাচন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন, নির্বাচন সংশ্লিষ্ট মামলা, নির্বাচনী সামগ্রী সংরক্ষণ এবং দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিমালা।

এম

Link copied!