ছবি : সংগৃহীত
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একনেকের প্রথম সভায় ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং দুটিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও, এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, একনেক বৈঠক উপলক্ষে পরিকল্পনা কমিশন চত্বরে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ করা হয়েছিল। রাস্তা সংস্কার ও নতুন গাছ লাগিয়ে এলাকাটি গোছানো হলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়।
পিএস
আপনার মতামত লিখুন :