দেশে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১১:৩০ এএম
দেশে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখবর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি মেরামত শেষে পুনরায় চালু করা হয়।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লার পাইপে ত্রুটি দেখা দেওয়ায় বুধবার রাত ১০টা ১০ মিনিটে ইউনিটটি বন্ধ হয়ে যায়। দ্রুত মেরামত কাজ শেষে শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে এটি আবার চালু করা সম্ভব হয়। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তবে কেন্দ্রটির অন্যান্য ইউনিট এখনো বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে যান্ত্রিক সমস্যায় বন্ধ আছে এবং সেটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই অচল অবস্থায় রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র মূলত স্থানীয় কয়লাখনির ওপর নির্ভর করে ২০০৬ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে এর মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত করা হলেও যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে কখনোই পূর্ণ সক্ষমতায় দীর্ঘসময় চালু রাখা সম্ভব হয়নি।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটির আংশিক চালু হওয়া সাময়িকভাবে জাতীয় গ্রিডে কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে বড় ধরনের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন প্রয়োজন।

এম

Link copied!