ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে। তার আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ জোহর ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি অব ট্যাম্পা বে এরিয়ায় (আইএসটিবিএ) তার জানাজা অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার ফেইসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, লিমনের মরদেহ নিয়ে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দুবাইয়ে ট্রানজিট হয়ে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে কফিন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। ১৬ এপ্রিল সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ওই সময় থেকেই নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।
তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার। পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।
লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়।
এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে তা বৃষ্টির কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।
পিএস
আপনার মতামত লিখুন :