জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়: এলজিআরডি মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৭:০৯ পিএম
জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়: এলজিআরডি মন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং জনগণের অর্থেই বাস্তবায়িত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, তেমনি কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পিএস

Link copied!