ফাইল ছবি
ঢাকা: নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের দাবি জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা এবং নিজেদের প্রত্যাশা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম জানান, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ আশার সঞ্চার করলেও প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।
তারা বলেন, নতুন পে স্কেলের প্রত্যাশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা চাপের মুখে পড়েছেন। তা ছাড়া দীর্ঘসূত্রতা ও নানা গুঞ্জনে উদ্বেগ বাড়ায় দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।
এই নেতারা আরও বলেন, প্রজ্ঞাপন বাস্তবায়ন বিষয়ে কল্যাণ সমিতির মতামত, কর্মচারীদের বঞ্চনা ও জীবনসংগ্রামের কথা সরাসরি জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মিনিটের সাক্ষাৎ চান তারা।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুত প্রজ্ঞাপন জারি হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
সংগঠনটি নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
পিএস