ঢাকা-টরেন্টো ফ্লাইট নিয়ে বিমানের নতুন নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৮:৪৩ এএম
ঢাকা-টরেন্টো ফ্লাইট নিয়ে বিমানের নতুন নির্দেশনা

ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা হবে। এ কারণে বিজি-৩০৫ ফ্লাইটের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। ফ্লাইটটি দুপুর ১টায় ঢাকা ছাড়বে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রোমে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটের হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

যে কোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি-৩০৬ ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায়। সেখানে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ শুরু করে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিজি-৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায় বিজি-৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

এদিকে রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এম

Link copied!