প্রশাসনে রদবদল: কামরুজ্জামান জনপ্রশাসনে, স্বাস্থ্যে বজলুর রশীদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:৪৫ পিএম
প্রশাসনে রদবদল: কামরুজ্জামান জনপ্রশাসনে, স্বাস্থ্যে বজলুর রশীদ

ছবি : প্রতিনিধি

ঢাকা: প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। জনপ্রশাসন, স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং এক বিভাগে নতুন সচিব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে চুক্তিভিত্তিক সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। কামরুজ্জামান চৌধুরী সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করায় দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন। পূর্ববর্তী কর্মস্থলগুলোতে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে। ক্লিন ইমেজের এই কর্মকর্তা সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে ন্যস্ত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে থাকাকালীন এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এসংক্রান্ত অভিযোগ লিখিতভাবে মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দেয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

অভিযোগে বলা হয়, আমাদের ওপর বিভিন্ন সময় ঘটে যাওয়া বিরূপ আচরণের নমুনা দেখে মনে হচ্ছে যেন আমাদেরকে ‘বস্তি’ কিংবা ‘রাস্তা’ থেকে উঠিয়ে এনে চাকরি দেওয়া হয়েছে। তারা আমাদেরকে ‘ছোটলোকের বংশধর’, কেরানির বাচ্চা’, ‘ক্রিমিনাল’, ‘বেয়াদবের বাচ্চা’ এমন অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য শব্দচয়ন যেন তাদের জন্য নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এছাড়া অপ্রয়োজনে ইচ্ছাকৃতভাবে অফিস সময়ের পরে অফিসে আটকে রেখে হেনস্তা করার ঘটনা প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ট হিসেবে পাবেন। পাশাপাশি ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি বা পিআরএল মঞ্জুর করা হয়েছে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পিএস

Link copied!